সিলেট সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন প্রফেসর ফরিদ আহমেদ
সিলেটের প্রাচীন ও ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ফরিদ আহমেদকে সিলেট সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করেছে সরকার। সোমবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ জারি করা হয়।
প্রফেসর ফরিদ আহমেদ ১৪তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ১৯৬৭ সালের ২৫ জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা হাজী মনেহর আলী।
১৯৯৩ সালের ২৪ নভেম্বর সুনামগঞ্জ সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন প্রফেসর ফরিদ। পরে ১৯৯৮ সালের এপ্রিলে তিনি এমসি কলেজে যোগ দেন। পরবর্তীতে মৌলভীবাজার সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্বপালন করে ২০০৫ সালের জুলাইয়ে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেটে যোগদান করেন।
এক বছর পর ২০০৬ সালের জুনে তিনি আবারও এমসি কলেজে ফিরে আসেন। ২০১০ সালের অক্টোবরে সুনামগঞ্জ সরকারি কলেজে সহযোগী অধ্যাপক পদে দায়িত্ব নেওয়ার পর ২০১১ সালে পুনরায় এমসি কলেজে যোগ দেন। ২০২০ সালে প্রফেসর হিসেবে পদোন্নতি পেয়ে বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন।
এ রহমান
মন্তব্য করুন: