পাগলা কুকুর আতঙ্ক, মাধবপুরে আহত ৬

পাগলা কুকুর আতঙ্ক, মাধবপুরে আহত ৬

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৬/০৯/২০২৫ ২০:১২:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনি ইউনিয়নের কমলপুর গ্রামে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হঠাৎ একটি কুকুর গ্রামে প্রবেশ করে এলোপাতাড়ি কামড় দিতে শুরু করলে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।


আহতদের মধ্যে মিলাদ মিয়া ও মনোয়ারা বেগমের অবস্থা গুরুতর। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মিলাদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়।


ঘটনার পর সোমবার সকালে স্থানীয় মসজিদে মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক করা হয় এবং পাগলা কুকুরটি নিধনের আহ্বান জানানো হয়। তবে এখনো কুকুরটিকে আটক বা নিধন করা সম্ভব হয়নি।


স্থানীয় বাসিন্দা সেলিম মিয়া বলেন, “পাগলা কুকুরের ভয়ে আমাদের শিশুরা স্কুলে যেতে সাহস পাচ্ছে না। আমরা মসজিদ থেকে মাইকিং করেছি। সরকারি উদ্যোগে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।”


এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার জানান, “আমাদের কাছে পাগলা কুকুরকে ধরে র‌্যাবিস টিকা দেওয়ার প্রযুক্তি নেই। এটি বন বিভাগের কাজ। আপাতত এলাকাবাসীকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।”


মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্জয় চন্দ্র পাল বলেন, “প্রতিদিনই ৪-৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। গুরুতর হলে আমরা তাদের রেফার করি।”এদিকে আতঙ্কগ্রস্ত গ্রামবাসী দ্রুত সরকারি হস্তক্ষেপ ও স্থায়ী সমাধান দাবি করেছেন।

তাহির আহমদ

মন্তব্য করুন: