হবিগঞ্জে ‘চশমা তারেক’ গ্রেফতার
হবিগঞ্জ শহর থেকে আন্তঃবিভাগীয় গাড়ি চোর চক্রের অন্যতম হোতা তারেকুল ইসলাম অলি ওরফে ‘চশমা তারেক’কে সেনাবাহিনী গ্রেফতার করেছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে শহরের সিনেমাহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয় এবং পরে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত তারেক শ্যামলী এলাকার রহমান আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তারেক বহু অপকর্মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ভারতীয় চোরাচালান পণ্য, গাড়ি চোরা চালানসহ একাধিক অভিযোগ রয়েছে। আগে সে ঢাকার ডিবি পুলিশের হাতে গ্রেফতার হলেও জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়েছিল।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন, “তারেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেনাবাহিনী তাকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া সে একটি বৈষম্যবিরোধী মামলার আসামিও।”
তাহির আহমদ
মন্তব্য করুন: