৫ পদে ২৯ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ৬ সেপ্টেম্বর
হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ৬ সেপ্টেম্বর। কাউন্সিলকে সামনে রেখে রোববার (২৪ আগস্ট) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ৫টি পদের জন্য ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫ জন করে এবং সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শহরের শায়েস্তানগরে জেলা বিএনপির কার্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বলেন, “বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নেতাকর্মীরা উৎফুল্ল। আমরা আশা করছি, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে কাউন্সিল সম্পন্ন হবে।”
সভাপতি প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা রাষ্ট্রে ও দলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন চাই। বিগত ১৬ বছরে হাসিনা সরকার ও প্রশাসনের বাধার কারণে কাউন্সিল করা সম্ভব হয়নি। এবার হাসিনামুক্ত বাংলাদেশে আমরা কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করব।”
সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিম বলেন, “সাড়ে ১৬ বছর পর এই কাউন্সিল আমাদের বহু প্রত্যাশিত। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের পক্ষে। এটি আমাদের দলের শক্তি।”
ডি আর ডি
মন্তব্য করুন: