জেদি মেয়ের চরিত্রে স্পর্শিয়া
পর্দায় একের পর এক নতুন গল্প ও চরিত্র তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন অর্চিতা স্পর্শিয়া। সেই ভাবনায় অভিনয় করেছেন 'পথের সাথীকে চিনে নিও' একক নাটকে। সেখানে তিনি তুলে ধরেছেন অর্চিতা নামে এক জেদি মেয়ের চরিত্র।
নাটকের কাহিনিতে দেখা যায়, অভাবের সঙ্গে লড়াই চালিয়ে মঈন নামে এক তরুণের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে অর্চিতার। দুইবার ব্যর্থ হওয়ার পর মঈন আবার বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেয়। এদিকে অর্চিতার বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করে তার বাবা। অর্চিতা কিছু না ভেবে মঈনের কাছে জেদ ধরে, সে যেন বিসিএসের প্রস্তুতি বাদ দিয়ে যে কোনো একটি চাকরি খুঁজে নেয়। তাহলেও বিয়ে করা সম্ভব হবে। কিন্তু মঈন রাজি নয়। তবু অর্চিতার জেদের কাছে হার মেনে তার বাবার সঙ্গে দেখা করে। খুলে বলে বিসিএস পরীক্ষার বিষয়টি।
কিন্তু অর্চিতার বাবা অপমান করে তাড়িয়ে দেয়ে মঈনকে। হার মানতে নারাজ। যে কারণে অর্চিতাও বাধ্য হয় অন্য একজনকে বিয়ে করতে। এরপর জন্ম নিতে থাকে নতুন সব ঘটনার।
শাহজাহান সৌরভের লেখা এমনই কাহিনি নিয়ে নির্মিত হয়েছে 'পথের সাথীকে চিনে নিও'। নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর।
নাটকে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক ফারহান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিলি বাসার, জয়নাল জ্যাক, আর কে রেজা, তাসরিন জাহান স্বপ্না প্রমুখ।
প্রসঙ্গত, এর আগে তারা 'সুইট ফ্যামিলি', 'যদি আমার না হও', 'এই গল্পের নাম কী', 'মিরাকল অব লাভ', 'এক্স বয়ফ্রেন্ডস ওয়েডিং', 'আমানত'সহ আরও কিছু নাটকে জুটি বেঁধে দর্শকের মনোযোগ কেড়েছিলেন অর্চিতা স্পশিয়া ও মুশফিক ফারহান।
রত্না বাউরী
মন্তব্য করুন: