হবিগঞ্জে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জন আটক

হবিগঞ্জে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জন আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৫/০৯/২০২৬ ০৭:৪৮:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে হবিগঞ্জে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বাল্লা ও তেলিয়াপাড়া বিওপির টহল দলের অভিযানে ভারতীয় মদ, মনিপুরি থামি কাপড়, ব্যাটারি চালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে চুনারুঘাট উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় অভিযান চালায় বাল্লা বিওপির টহল দল। সীমান্ত পিলার থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে একটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় গাড়ি থেকে চারজন ব্যক্তি নেমে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন বলে দাবি করেছে বিজিবি। পরে টহল দলের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করতে সক্ষম হন। অপর দুইজন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়।

আটক দুইজন হলেন—চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের মো. রশন আলীর ছেলে মো. নাজু মিয়া (২৮) এবং গাজীপুর ইউনিয়নের বাল্লা গ্রামের মো. ছাবু মিয়ার ছেলে মো. সজল মিয়া (২২)।

বিজিবির অভিযানে তাদের কাছ থেকে ১২০ পিস ভারতীয় মনিপুরি থামি কাপড়, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা, একটি ব্যাটারি চালিত অটোরিকশা, আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং হামলার চেষ্টায় ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র (রামদা) জব্দ করা হয়। উদ্ধার করা মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় পলাতক দুজন হলেন মো. রুবেল মিয়া (৩২) ও মো. সজিব মিয়া (২২)। তাদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

অন্যদিকে, একই দিন দুপুর ১২টা ৪৫ মিনিটে মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তেলিয়াপাড়া বিওপির টহল দল। সীমান্ত পিলার নম্বর ১৯৮১/এম থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লেকেরপাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, দুটি অভিযানে সর্বমোট প্রায় ৩ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানকৃত মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

আটক দুইজনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পৃথক দুটি এজাহার দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও সীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ফয়সল চৌধুরী / মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad