এমসি কলেজে ‘অগ্রযাত্রা ১৭তম ব্যাচ’-এর বিদায় সংবর্ধনা

এমসি কলেজে ‘অগ্রযাত্রা ১৭তম ব্যাচ’-এর বিদায় সংবর্ধনা

প্রথম ডেস্ক

২৩/০৭/২০২৬ ১৪:১৬:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ)-এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স ৪র্থ বর্ষের (২০২০–২০২১ শিক্ষাবর্ষ) ‘অগ্রযাত্রা ১৭তম ব্যাচ’-এর বহুল প্রতীক্ষিত "Farewell Program–2026" অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুলাই (মঙ্গলবার) কলেজ ক্যাম্পাসের বিভাগীয় অডিটোরিয়ামে আনন্দঘন ও স্মৃতিময় পরিবেশে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইব্রাহিম আলী মাশুদ এবং ইসলামিক সংগীত পরিবেশন করেন জাহেদ আহমদ।

বিভাগের অডিটোরিয়ামে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে চার বছরের শিক্ষা-জীবনের অনুভূতি ও স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সাজু, শাকিরা, শায়েখ উল্লাহ, তানজিনা চৌধুরী, মুহসিন, আজাদ, জামিয়া এবং কাওছার আহমদ। তারা তাদের বক্তব্যে শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্যে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে ভবিষ্যৎ কর্মজীবনে সফল হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান প্রফেসর শাহ মোহাম্মদ জুলফাজলে বলেন, তোমরা যেখানেই থাকো, বিভাগের সুনাম অক্ষুণ্ণ রাখবে। মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখে আলোকিত মানুষ হিসেবে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাবে।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন বিভাগের শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ছাত্রকল্যাণ পরিষদের সহসভাপতি ও ব্যাচ প্রতিনিধি আশরাফুল ইসলাম দিদার সিরাজী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রোমান তাওহীদ ও তাহমিনা ইসলাম শাম্মি।

সমাপনী বক্তব্যে ব্যাচ প্রতিনিধি আশরাফুল ইসলাম দিদার সিরাজী চার বছরের পথচলায় শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং সহপাঠীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজীবন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভাগের শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বিনিময়, আপ্যায়ন ও স্মৃতিসংরক্ষণে ফটোসেশনের আয়োজন করা হয়।

"Today we say farewell, tomorrow we lead the nation"—এই প্রত্যয়কে বুকে ধারণ করে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সুজস তালুকদার/ অথৈ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad