হবিগঞ্জে পরিবার পরিকল্পনা চিকিৎসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

হবিগঞ্জে পরিবার পরিকল্পনা চিকিৎসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রথম সিলেট প্রতিবেদন

১৮/০৭/২০২৬ ২১:১৪:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুজন চন্দ্র সাহার বিরুদ্ধে অনিয়মিত অফিস করা এবং চিকিৎসাসেবা প্রদানে চরম অবহেলার অভিযোগ উঠেছে। তাঁর এমন অনিয়মিত উপস্থিতির কারণে গর্ভনিরোধক ইমপ্লান্ট গ্রহণকারী অনেক নারী সময়মতো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় অফিসে উপস্থিত হওয়ার নিয়ম থাকলেও ডা. সুজন চন্দ্র সাহা প্রায়ই সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে কর্মস্থলে আসেন এবং অল্প সময়ের মধ্যেই অফিস ত্যাগ করেন। গত বুধবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে কার্যালয় থেকে বের হয়ে যেতে দেখা যায়, অথচ সরকারি অফিস সময় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

ভুক্তভোগীরা জানান, যেসব নারীর গর্ভনিরোধক ইমপ্লান্টের মেয়াদ শেষ হয়েছে, তাঁরা নির্ধারিত সময়ে তা অপসারণ বা পরিবর্তনের জন্য পরিবার পরিকল্পনা কার্যালয়ে এসে চিকিৎসককে না পেয়ে দিনের পর দিন ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এছাড়া মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাতটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং চারটি উপ-স্বাস্থ্য কেন্দ্র (আরডি) নিয়মিত পরিদর্শনের দায়িত্ব থাকলেও তিনি তা যথাযথভাবে পালন করছেন না বলে অভিযোগ রয়েছে।

গত বুধবার দুপুর ১টার দিকে কার্যালয়ে গিয়ে ডা. সুজন চন্দ্র সাহার অবস্থান সম্পর্কে জানতে চাইলে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। পরবর্তীতে তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য না করে সংযোগ কেটে দেন।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক এ কে এম সেলিম ভূঁইয়া বলেন, “ডা. সুজন চন্দ্র সাহার অনিয়মিত উপস্থিতির বিষয়টি এতদিন আমার জানা ছিল না। এখন থেকে বিষয়টি কঠোরভাবে তদারকি করা হবে। সরকারি দায়িত্ব পালনে অনিয়ম বা বিধিবহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad