কলকাতায় রাস্তায় জুমার নামাজ আদায়ে পুলিশের বাধা
পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার রাজাবাজার এলাকায় রাস্তায় জুমার নামাজ আদায় করাকে কেন্দ্র করে পুলিশ ও মুসল্লিদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে রাজাবাজার ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। নতুন রাজ্য সরকারের জারি করা 'রাস্তা বন্ধ করে নামাজ পড়া যাবে না'—এমন বিধান কার্যকর করতে গিয়েই এই পরিস্থিতির উদ্ভব হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে জুমার নামাজ আদায়ের জন্য বিপুল সংখ্যক মুসল্লি রাজাবাজার এলাকায় জড়ো হন। মসজিদের ভেতর জায়গা সংকুলান না হওয়ায় একদল মুসল্লি প্রধান সড়কে কাতারবন্দি হতে শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশি বাধার মুখে উপস্থিত মুসল্লিদের একাংশ, বিশেষ করে কয়েকজন যুবক ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তাঁদের দাবি ছিল, তাঁরা দীর্ঘদিনের নিয়ম অনুযায়ী রাস্তার ওপরই নামাজ পড়বেন। এই ঘটনাকে কেন্দ্র করে জনবহুল রাজাবাজার এলাকায় মুহূর্তেই চরম বিশৃঙ্খলা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে দ্রুত অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে এবং দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় প্রশাসনের ধারণা, রাজ্য সরকারের নতুন নিয়ম সম্পর্কে সাধারণ মানুষ পুরোপুরি অবগত না থাকায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, জনবহুল রাস্তায় নামাজ পড়ার কারণে যান চলাচল স্থবির হয়ে পড়ায় সাধারণ পথচারীদের ভোগান্তি হচ্ছিল। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তার স্বার্থে নজরদারি জোরদার করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: