ফ্লোরিডায় নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি
Led Bottom Ad

ফ্লোরিডায় নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

প্রথম ডেস্ক

০৬/০৫/২০২৬ ১১:৪৬:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাঁদের এই বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়। সমাবর্তন অনুষ্ঠানে নিহতদের পরিবারের পক্ষ থেকে একজন প্রতিনিধি উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করবেন বলে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ডাবলিউইউএসএফ (WUSF) সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে, নিহত নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা আজ বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রের টাম্পায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আগামীকাল ৭ মে তাঁর মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে এবং ৯ মে সকালে মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

নিহত জামিল আহমেদ লিমন (২৭) খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ইউএসএফ-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে, নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং একই বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক প্রকৌশল বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করছিলেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করতে না পেরে স্থানীয় পুলিশের সহায়তা নেওয়া হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লিমনের সহপাঠী ও রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে দুটি ‘ফার্স্ট ডিগ্রি’ হত্যার অভিযোগ আনা হয়েছে।

মেধাবী এই দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তাঁদের পরিবার এবং প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মাঝে গভীর শোক বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের এই সম্মাননা তাঁদের শিক্ষাজীবনের প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad