পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
বিজেপি ও তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, বিজয়ের পথে গেরুয়া শিবির
ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল গণনা আজ সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। প্রাথমিক প্রবণতা অনুযায়ী, পশ্চিমবঙ্গে বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে বড়সড় টক্কর দিচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
এনডিটিভিসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে বিজেপি ১৮৭টি আসনে এগিয়ে থেকে ম্যাজিক ফিগার (১৪৮) ছাড়িয়ে গেছে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ১০৪টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি ও তৃণমূলের মধ্যে লড়াই বেশ হাড্ডাহাড্ডি হলেও বিজেপি স্পষ্ট ব্যবধানে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। ট্রেন্ড অনুযায়ী, কংগ্রেস ও বামফ্রন্ট একটি করে আসনে এগিয়ে রয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। বিজেপি যদি বর্তমান এই লিড ধরে রাখতে পারে, তবে স্বাধীনতার পর এই প্রথমবার পশ্চিমবঙ্গে কোনো অ-তৃণমূল, অ-বাম এবং অ-কংগ্রেসি সরকার গঠিত হতে যাচ্ছে।
রাজ্যজুড়ে ৭৭টি গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে ভোট গণনা চলছে। প্রথমে ডাকযোগে পাঠানো বা পোস্টাল ব্যালট এবং পরে ইভিএম-এর গণনা শুরু হয়। দক্ষিণবঙ্গের তৃণমূলের দুর্গে বিজেপি হানা দেওয়ায় এবং উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি অটুট থাকায় গেরুয়া শিবির সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে। দুপুর ১টার মধ্যে চূড়ান্ত জয়ের একটি প্রাথমিক রূপরেখা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতেও ভোট গণনা চলছে। আসামে ক্ষমতাসীন বিজেপি জোট জয়ের পথে রয়েছে এবং তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের দল ‘টিভিকে’ (TVK) চমক দেখাচ্ছে। সারা ভারতের নজর এখন পশ্চিমবঙ্গের দিকে, যেখানে প্রথমবারের মতো পদ্ম ফুটবে নাকি ঘাসফুলই নিজেদের দুর্গ রক্ষা করবে—তা জানতে এখন শুধু সময়ের অপেক্ষা। শেষ খবর পাওয়া পর্যন্ত, ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারীর মধ্যে ভোটের ব্যবধানে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
এ রহমান
মন্তব্য করুন: