গাজার ধ্বংসস্তূপের নিচে আট হাজার মরদেহ
Led Bottom Ad

উদ্ধার শেষ হতে লাগবে সাত বছর

গাজার ধ্বংসস্তূপের নিচে আট হাজার মরদেহ

প্রথম ডেস্ক

০৪/০৫/২০২৬ ১২:১২:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই বছরব্যাপী ইসরায়েলি সামরিক অভিযানের পর এখনো প্রায় আট হাজার ফিলিস্তিনির মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক কর্মকর্তার বরাত দিয়ে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে। ওই কর্মকর্তার মতে, ধ্বংসস্তূপ সরানোর বর্তমান ধীরগতি অব্যাহত থাকলে পুরো এলাকা পরিষ্কার করতে সাত বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজায় জমে থাকা বিপুল পরিমাণ ধ্বংসাবশেষের এখন পর্যন্ত মাত্র এক শতাংশেরও কম সরানো সম্ভব হয়েছে। ফলে হাজার হাজার পরিবার তাদের প্রিয়জনদের মরদেহ উদ্ধার ও দাফনের অপেক্ষায় দিন গুনছেন। ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ভারি যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সক্ষমতার অভাবে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নতুন করে আরও ৮২৮ ফিলিস্তিনি নিহত ও ২ হাজার ৩৪২ জন আহত হয়েছেন। উল্লেখ্য, দুই বছরের এই ভয়াবহ সামরিক অভিযানে গাজায় ৭২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই ধ্বংসপ্রাপ্ত গাজা পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad