গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হলেন ঢাবির সাবেক ভিসি ড. নিয়াজ আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ‘সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার’ বা জ্যেষ্ঠ কৌশলগত পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমতি নিয়েই তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
ইউনূস সেন্টার জানায়, সরকারি অনুমোদনের পর গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রতিষ্ঠানটি একদিকে পুরোদমে একাডেমিক সেশন চালুর প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজও সমানতালে চলমান। অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান তাঁর দীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টির কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. নিয়াজ আহমেদ খান। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর তিনি সেই পদ থেকে পদত্যাগ করেন। উপাচার্য পদ ছাড়ার পর তাঁর রাষ্ট্রদূত হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল এবং তিনি ইউরোপের কোনো দেশে দায়িত্ব পেতে আগ্রহী ছিলেন বলে জানা যায়। তবে কিছু প্রশাসনিক জটিলতার কারণে তা সম্ভব হয়নি। সর্বশেষ ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তাঁর নাম প্রস্তাব করা হলেও তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। শেষ পর্যন্ত তিনি ড. ইউনূসের শিক্ষা প্রকল্পেই নিজের পেশাদারিত্ব যুক্ত করার সিদ্ধান্ত নিলেন।
এ রহমান
মন্তব্য করুন: