পৌরসভায় উন্নীত হচ্ছে পর্যটনের স্বর্গরাজ্য জাফলং
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলংকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গত ২৫ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর আধা সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়ে তিনি এ প্রস্তাব দেন। মন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জাফলংয়ের জনসংখ্যা, আয় ও অবকাঠামোগত তথ্য সংগ্রহে সিলেট জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে।
চিঠিতে মন্ত্রী উল্লেখ করেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র জাফলংকে পৌরসভায় উন্নীত করা হলে স্থানীয় পর্যটনের বিকাশ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি বাড়বে নাগরিক সুবিধা ও জনসেবা, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।
পাহাড়, নদী, ঝর্ণা ও চা-বাগানের অপরূপ সমন্বয়ে গড়ে ওঠা জাফলংকে ‘প্রকৃতি কন্যা’ বলা হয়। প্রতিবেশী ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা পিয়াইন নদীতে মিশে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করেছে। প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটকদের ভিড়ে মুখর থাকে এ এলাকা।
তবে প্রয়োজনীয় নাগরিক সুবিধার ঘাটতি ও অনুন্নত সড়ক ব্যবস্থার কারণে পর্যটকদের ভোগান্তি দীর্ঘদিনের। স্থানীয়দের মতে, জাফলং পৌরসভায় উন্নীত হলে পরিকল্পিত নগরায়ণ, উন্নত সড়ক, স্যানিটেশন ও পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এ উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হলে জাফলংয়ের পর্যটন শিল্প আরও বিকশিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে মন্ত্রণালয়ের নির্দেশনায় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, জাফলং এলাকায় অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশবান্ধব টয়লেট নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দ্রুত জাফলংকে পৌরসভায় উন্নীত করা হলে দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্র একটি আধুনিক ও টেকসই নগর ব্যবস্থাপনার আওতায় আসবে।
ডি আর ডি
মন্তব্য করুন: