শ্রীমঙ্গলে তীব্র যানজটে স্থবির জনজীবন
Led Bottom Ad

৩৫৫ কোটি টাকার বাইপাস সড়কে আশার আলো

শ্রীমঙ্গলে তীব্র যানজটে স্থবির জনজীবন

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১৮/০৩/২০২৬ ২০:৫৪:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পর্যটন নগরী ও চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে তীব্র যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও দেশি-বিদেশি পর্যটকরা। শহরের হবিগঞ্জ রোড, স্টেশন রোড, ভানুগাছ ও মৌলভীবাজার রোডে দিনের বেশিরভাগ সময় যানজট লেগেই থাকছে। বিশেষ করে ঈদুল ফিতরকে সামনে রেখে কেনাকাটা করতে আসা মানুষের ভিড়ে যানজট এখন ভয়াবহ রূপ নিয়েছে। সরেজমিনে দেখা গেছে, ভানুগাছ সড়কের রেল গেইট থেকে শুরু করে শহরের মূল পয়েন্টগুলোতে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে থাকছে, ফলে বাধ্য হয়ে অনেক যাত্রী গাড়ি রেখেই হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, শহরে কয়েক হাজার অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত টমটম ও ইজিবাইক যত্রতত্র পার্কিং এবং যাত্রী ওঠানামা করানোর ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ দোকান ও অবৈধ পার্কিং যানজটকে আরও উসকে দিচ্ছে।

শ্রীমঙ্গল ট্রাফিক সার্জেন্ট (টিআই) হাসান আল মামুন জানান, পর্যটন নগরী হওয়ায় পর্যটকদের গাড়ি রাস্তার পাশে থামিয়ে কেনাকাটা করা এবং ব্যাটারিচালিত রিকশার আধিক্যই যানজটের মূল কারণ। তবে এই দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে আশার কথা শুনিয়েছে উপজেলা প্রশাসন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, শহরটি জেলার প্রবেশদ্বার হওয়ায় এবং সড়কগুলো সরু থাকায় যানজট নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। সমস্যা সমাধানে ৩৫৫ কোটি টাকা ব্যয়ে ৬.২ কিলোমিটার দীর্ঘ একটি বাইপাস সড়ক নির্মাণের প্রস্তাব পাস হয়েছে। শ্রীমঙ্গলের সকিনা সিএনজি পাম্পের উত্তর পাশ থেকে শুরু হয়ে কারিতাস কারিগরি কেন্দ্রের পাশ পর্যন্ত বিস্তৃত এই সড়কে ১১টি কালভার্ট ও ১টি ব্রিজ থাকবে।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, যানজট নিরসনে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়রা মনে করছেন, প্রস্তাবিত বাইপাস সড়কটি দ্রুত নির্মিত হলে পর্যটন নগরীর চিরচেনা যানজট থেকে মুক্তি মিলবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad