জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
Led Bottom Ad

জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল

প্রথম ডেস্ক

১২/০৩/২০২৬ ১৪:৪১:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একই সঙ্গে সংসদ সদস্যরা নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করেছেন। বৃহস্পতিবার সংসদের প্রথম বৈঠকে কণ্ঠভোটে তারা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন চিফ হুইপ নুরুল ইসলাম এবং তাতে সমর্থন জানান খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম। অন্যদিকে, সরকারি দলের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের নাম প্রস্তাব করলে হুইপ আশরাফ উদ্দিন নিজান তা সমর্থন করেন।

স্পিকার নির্বাচিত হওয়ার আগে হাফিজ উদ্দিন আহমদ বর্তমান সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। সংসদীয় রেওয়াজ অনুযায়ী স্পিকারের দায়িত্ব নেওয়ার আগে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ অনুষ্ঠানের জন্য পরবর্তীতে সংসদের বৈঠক আধা ঘণ্টা মুলতবি করা হয়।

উল্লেখ্য, এবারের সংসদ অধিবেশন শুরু হয়েছে এক ব্যতিক্রমী প্রক্রিয়ার মাধ্যমে। সাধারণত বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে প্রথম অধিবেশন শুরু হলেও, দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় এবং বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় নজিরবিহীন এই সংকট তৈরি হয়। এই পরিস্থিতিতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে খন্দকার মোশাররফ হোসেনকে বৈঠকের সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে, সভাপতি নির্বাচন করে সংসদ অধিবেশন শুরু করার বিষয়টি নজিরবিহীন নয়। এই প্রস্তাবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম এবং বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সমর্থন জানান। সংসদ সচিব জানান, আইনি বিধান মেনেই এই সভাপতি মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad