কঠোর অবস্থানে স্টারমার সরকার
অভিবাসন ঠেকাতে ৪ দেশের স্টুডেন্ট ভিসা বন্ধ করল যুক্তরাজ্য
যুক্তরাজ্যে ক্রমবর্ধমান অভিবাসনবিরোধী জনমত সামাল দিতে এবং ভিসা ব্যবস্থার অপব্যবহার রুখতে আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদান—এই চার দেশের নাগরিকদের স্টুডেন্ট ভিসা প্রদান বন্ধের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। একইসঙ্গে আফগান নাগরিকদের জন্য কর্মভিসাও স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে; মূলত শিক্ষা ভিসার সুযোগ নিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) এই ‘জরুরি ব্রেক’ আরোপ করেছে।
হোম অফিসের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে উল্লিখিত চার দেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে আশ্রয়ের আবেদন ৪৭০ শতাংশেরও বেশি বেড়েছে, যা নিয়ন্ত্রণে আনতে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এক বিবৃতিতে জানিয়েছেন যে ব্রিটেন নিপীড়িতদের আশ্রয় দিলেও উদারতার অপব্যবহার সহ্য করবে না। যুক্তরাজ্যের রাজনীতিতে বর্তমানে অভিবাসন একটি অত্যন্ত স্পর্শকাতর ইস্যু হওয়ায় এবং কট্টর ডানপন্থি দলগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার অবৈধ প্রবেশ ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে।
প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যে যারা শরণার্থী মর্যাদা পাবেন, প্রতি ৩০ মাস অন্তর তাদের অবস্থা পুনরায় পর্যালোচনা করা হবে যাতে দেশটি আশ্রয়প্রার্থীদের কাছে ‘কম আকর্ষণীয়’ হয়ে ওঠে।
সংবাদ সংস্থা পিএ (PA) জানিয়েছে, আগামী বৃহস্পতিবার অভিবাসন বিধিতে পরিবর্তনের মাধ্যমে এই ভিসা নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে এবং একই দিনে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন কঠোর আশ্রয় প্রক্রিয়া নিয়ে বিস্তারিত রূপরেখা তুলে ধরবেন।
এ রহমান
মন্তব্য করুন: