শাকসু নির্বাচন: প্রচারণার সময় ১ দিন বাড়াল নির্বাচন কমিশন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণার সময় একদিন বাড়ানো হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকালেই প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোহাদ্দেছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক দেশের সকল নির্বাচনের ওপর স্থগিতাদেশের কারণে শাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণায় বিঘ্ন ঘটে। পরে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন শাকসু নির্বাচন ২০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার অনুমতি প্রদান করেন। এ পরিস্থিতিতে প্রার্থীদের প্রচারণার সুবিধার্থে শাকসু নির্বাচনের প্রচারণার শেষ সময় ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নির্বাচন কমিশনের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নির্বাচনের আচরণবিধিমালা অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা শেষ করতে হবে। সেই হিসেবে রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় প্রচার-প্রচারণার শেষ সময় ছিল। তবে নির্বাচনের স্থগিতাদেশের কারণে প্রার্থীদের প্রচারণায় বিঘ্ন ঘটায় নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শাকসু নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দীর্ঘ ২৮ বছর পর এই নির্বাচনের আয়োজন হচ্ছে। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের চারটি শিক্ষাভবনসহ মোট ছয়টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শাকসুতে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৩০ জন।
এ রহমান
মন্তব্য করুন: