গণতন্ত্র রক্ষায় গণভোটে অংশ নেওয়ার আহ্বান মৌলভীবাজার ডিসির
গণতন্ত্র রক্ষায় জনগণকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, চব্বিশের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে।
তিনি বলেন, ‘এই গণভোটের মাধ্যমে জনগণের দাবি তুলে ধরা হচ্ছে। আগামী নির্বাচনে যদি গণভোট হ্যাঁ পক্ষে আসে তাহলে যে সুযোগ-সুবিধা ও অধিকারের কথা বলা হয়েছে সেগুলো সব ভোগ করা যাবে। আর যদি না যুক্ত হয় তাহলে আবার সেই বাংলাদেশ আগের দুর্যোগের দিনে ফিরে যেতে হবে। তাই গণভোটের জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ দিন। এর ফলে দেশে পরিবর্তন আসবে।’
একই সঙ্গে তিনি উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের আহ্বান জানিয়ে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ফুলছড়া চা-বাগান মাঠে চা-শ্রমিক জনগোষ্ঠীকে নিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভায় তিনি এসব কথা বলেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদ, ফিনলে বালিশিরা ব্লকের ডিজিএম সালাউদ্দিন, ফুলছড়া বাগানের ম্যানেজার শফিকুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার, এসি ল্যান্ড, ওসি তদন্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ) মামুনুর রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ উল্লাহ আকন, উপজেলা নির্বাচন অফিসার রাসেদুল ইসলাম, ফিনলে বালিশিরা ব্লকের ডিজিএম সালাউদ্দিন, ফুলছড়া বাগানের ম্যানেজার শফিকুর রহমান, শ্রীমঙ্গল থানার তদন্ত অফিসার মো. আব্দুর রাজ্জাক।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, চা-বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
সভায় বক্তারা বলেন, ‘গত ১৭ বছর ধরে ভোটাধিকার প্রয়োগে বাধা থাকায় নাগরিকরা হতাশ ছিলেন। দেশের গণতান্ত্রিক রূপান্তর, মানুষের সামাজিক মর্যাদা সংরক্ষণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের কোনো বিকল্প নেই।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা প্রত্যাশা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইসলাম উদ্দিন জানায়, ‘সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ভোটারদের মধ্যে গণভোটের গুরুত্ব তুলে ধরতে সচেতনতামূলক প্রচার কার্যক্রম জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে লিফলেট ও পোস্টার বিতরণ, মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে মাঠপর্যায়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
এছাড়া সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোট চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরণের প্রস্তুতিসহ প্রতিটি ভোট কেন্দ্রে ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে তিনি জানান।
ভোটার উদ্বুদ্ধকরণ সভায় বিভিন্ন চা-বাগানের বিপুল সংখ্যক চা-শ্রমিক নারী-পুরুষের সরব অংশগ্রহণ ছিল।
সভায়, গণভোটে অংশগ্রহণে লাভ এবং অংশগ্রহণ না করার ক্ষতির দিকগুলো তুলে ধরে গণভোটে কিভাবে ব্যালটে ভোট দিতে হবে বিস্তারিত উপস্থাপন করা হয়।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: