ভুয়া এআই ভিডিও নিয়ে সতর্কবার্তা নাসের রহমানের
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও ছড়িয়ে তাঁকে রাজনৈতিক বক্তব্যে জড়ানোর অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাসের রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পোস্টে নাসের রহমান এ বিষয়ে সতর্কতা জানান। পোস্টে তিনি লেখেন, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভিডিও ক্লিপ তাঁর নজরে এসেছে, যেখানে তাঁকে দিয়ে একটি রাজনৈতিক দলের প্রার্থীকে নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করানো হয়েছে। তবে বাস্তবে তিনি কখনোই এ ধরনের কোনো বক্তব্য দেননি বলে দাবি করেন।
নাসের রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি এআই প্রযুক্তি ব্যবহার করে কারও সম্মানহানি না করার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের অপপ্রচার শুধু ব্যক্তিগতভাবে ক্ষতিকর নয়, বরং গণতান্ত্রিক ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। এ কারণে বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে বিশ্বাস না করার পরামর্শ দেন তিনি।
একই সঙ্গে নাসের রহমান তাঁর নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো ভিডিও বা বক্তব্য সত্যতা যাচাই করে দেখার প্রয়োজন রয়েছে। অপপ্রচারের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
ডি আর ডি
মন্তব্য করুন: