শ্রীমঙ্গলে বিজিবি উত্তর-পূর্ব রিজিয়নের প্রেস ব্রিফিং
সীমান্ত সুরক্ষা ও নির্বাচনে কঠোর নিরাপত্তার ঘোষণা বিজিবির
সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও মাদক দমন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং করেছে বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন।
বুধবার (১৪ জানুয়ারি) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দেশের সীমান্ত নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও মাদক দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান বলেন, “গত ১ নভেম্বর ২০২৫ থেকে এ পর্যন্ত সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ৭২ জন আসামিসহ প্রায় ১৬৪ কোটি টাকার চোরাচালানী মালামাল এবং সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকও জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, বিজিবি উত্তর-পূর্ব রিজিয়নের আওতাধীন প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ—এই চারটি সেক্টরের অধীনে ১৩টি ইউনিট নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কর্নেল বি এম তৌহিদ হাসান বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত। ১৭টি জেলার ৯২টি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।”
নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি ড্রোন ও বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভোটকেন্দ্রগুলোর রেকি কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সীমান্ত নিরাপত্তা ও আসন্ন নির্বাচনকে ঘিরে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এ রহমান
মন্তব্য করুন: