সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন: শাবিপ্রবি অধীনে অন্তর্ভুক্তির দাবিতে অনির্দিষ্টকালীন আন্দোলন
Led Bottom Ad

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন: শাবিপ্রবি অধীনে অন্তর্ভুক্তির দাবিতে অনির্দিষ্টকালীন আন্দোলন

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০১/২০২৬ ১২:৫৭:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে ইনস্টিটিউট হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য কলেজের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ ১৮ বছর ধরে দেশের চারটি বিশেষায়িত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা নানা বৈষম্য নিরসনে আন্দোলন করে আসছেন। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার নির্দেশে গঠিত উচ্চপর্যায়ের কমিটি সম্প্রতি একটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাবিপ্রবির অধীনে একটি পূর্ণাঙ্গ ‘ইনস্টিটিউট’ করার সুপারিশ করা হয়।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, সরকার গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নে কারিগরি অধিদপ্তর অনীহা দেখাচ্ছে। এর প্রতিবাদে দু’দিন আগে আলটিমেটাম দেওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে শাটডাউন ঘোষণা করেছেন।

শাটডাউনের আওতায় কলেজের সকল একাডেমিক ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, “আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক এবং এটি সরকার মনোনীত কমিটির সুপারিশ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের আন্দোলন এবং ক্যাম্পাস শাটডাউনের বিষয়টি তারা অবগত এবং ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, সিলেট ছাড়াও ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাও এ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad