মৌলভীবাজারে বিদেশে চলে যাওয়া ৪৯ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত
মৌলভীবাজারে অনুমতি না নিয়ে বিদেশে চলে যাওয়া ৪৯ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৫৪টি বিভাগীয় মামলা নিষ্পত্তি করা হয়; এর মধ্যে ৪৯ জনকে বরখাস্ত করা হয়েছে, একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং আরও ৪ জনকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে।
জানা গেছে, শিক্ষকরা বিভিন্ন কারণ দেখিয়ে প্রথমে ছুটি নেন এবং নির্ধারিত সময়ে বিদ্যালয়ে যোগদান না করে বিদেশে চলে যান। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট দেখা দিয়েছে। কমলগঞ্জ, মৌলভীবাজার সদর, রাজনগরসহ জেলার বিভিন্ন উপজেলার ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান প্রভাবিত হচ্ছে।
মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম বলেন, “অবৈধভাবে বিদেশে চলে যাওয়া শিক্ষকদের চাকরিচ্যুত করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। যেসব শিক্ষককে বরখাস্ত করা হয়েছে, তারা আর চাকরিতে ফিরতে পারবেন না। আরও অনেকের বিরুদ্ধে মামলা চলছে।”
শিক্ষাবিদরা মনে করেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষকদের বেতন-ভাতা তুলনামূলকভাবে কম হওয়ায় এবং উচ্চ জীবনযাত্রার আকাঙ্ক্ষার কারণে অনেকে চাকরি ত্যাগ করে বিদেশে চলে যান।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানান, শিক্ষকদের অসুস্থতা বা পারিবারিক কারণে ছুটি নেওয়ার আড়ালে কেউ কেউ বিদেশে চলে গেছেন। পরে তাদের অনুপস্থিতি জানার পর জেলা প্রশাসনের মাধ্যমে চাকরিচ্যুতির পদক্ষেপ নেওয়া হয়।
এ রহমান
মন্তব্য করুন: