শীতে শিশুদের নিউমোনিয়াসহ সংক্রমণ ঝুঁকি বেড়ে যায়: ডা. ফেরদৌস আক্তার
শীত মৌসুমে তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় বলে সতর্ক করেছেন মৌলভীবাজারের বড়লেখা সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. ফেরদৌস আক্তার। তিনি জানান, এ সময় নিউমোনিয়া, সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন সংক্রমণজনিত রোগে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ে।
ডা. ফেরদৌস আক্তার বলেন, শীতকালে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম থাকে। ফলে সামান্য অবহেলাও বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। এজন্য শিশুদের সবসময় গরম কাপড়ে ঢেকে রাখা, ভোর ও রাতে ঠান্ডা বাতাস থেকে দূরে রাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়ানো জরুরি। বিশেষ করে যেসব শিশু মায়ের বুকের দুধ পান করে, তাদের ক্ষেত্রে বুকের দুধের পরিমাণ বাড়াতে হবে। পাশাপাশি শিশুর হালকা জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত ডা. ফেরদৌস আক্তার বলেন, অভিভাবকদের সচেতনতার মাধ্যমেই শীতজনিত শিশু অসুস্থতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এ লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
চিকিৎসকদের মতে, শীতকালে শিশুদের প্রতি বাড়তি যত্ন ও স্বাস্থ্যবিধি মেনে চললে গুরুতর অসুস্থতা থেকে তাদের নিরাপদ রাখা সম্ভব।
এ রহমান
মন্তব্য করুন: