জুড়ীতে দণ্ডপ্রাপ্ত সাবেক সমন্বয়ক অনুসারীদের সহায়তায় পালালেন
Led Bottom Ad

জুড়ীতে দণ্ডপ্রাপ্ত সাবেক সমন্বয়ক অনুসারীদের সহায়তায় পালালেন

নিজস্ব প্রতিনিধি, জুড়ী

১২/০১/২০২৬ ১৭:১৫:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত এক ব্যক্তি অনুসারীদের বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সুযোগ নিয়ে পালিয়ে গেছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুড়ী উপজেলা শাখার সাবেক সমন্বয়ক ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হিসেবে পরিচিত। তবে একই ঘটনায় দণ্ডপ্রাপ্ত অপর দুই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।


রোববার (১১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।


অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটার দায়ে উত্তর সাগরনাল গ্রামের জামিল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই অপরাধে ফুলতলা বাজার এলাকার রায়হান আহমদকে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মাটি কাটায় সহযোগিতার দায়ে বিরইনতলা গ্রামের তারেক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।


তারেক মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুড়ী উপজেলা শাখার সাবেক সমন্বয়ক এবং উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি।


প্রত্যক্ষদর্শীরা জানান, দণ্ডাদেশের পর অভিযুক্তদের উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হলে তারেক মিয়ার ৪০–৫০ জন অনুসারী সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে দণ্ডপ্রাপ্ত তারেক মিয়া পালিয়ে যান।


তবে অন্য দুই দণ্ডপ্রাপ্ত জামিল উদ্দিন ও রায়হান আহমদকে রোববার বিকেলে পুলিশি পাহারায় মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়।


জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ দস্তেগীর বলেন, অবৈধভাবে মাটি কাটার সময় তিনজনকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়। তবে অভিযুক্তদের একজন বিশৃঙ্খলার সুযোগে পালিয়ে গেছেন। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad