কমলগঞ্জে বিদ্যালয়ের সামনেই পিচ গলানোর কারণে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের গোবর্ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলমান সড়ক উন্নয়ন প্রকল্পে প্রতিদিন পিচ গলানোর কাজ শিক্ষার্থীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে।
বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই প্রতিদিন বড় চুলায় আগুন জ্বালিয়ে পিচ গলানো হয়। এতে থেকে ঘন কালো ধোঁয়া, ধুলোবালি ও পোড়া ছাই শ্রেণিকক্ষ ও বারান্দায় প্রবেশ করছে। শিক্ষার্থীরা কাশি, চোখে জ্বালা, শ্বাসকষ্ট এবং মাথা ঘোরা সমস্যায় ভুগছে। ছোট শিশুদের জন্য এই পরিবেশ বিপজ্জনক বলে স্কুলের শিক্ষকরা জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মনজুর মৌলা চৌধুরী বলেন, “ছোট শিশুদের ক্লাস চলাকালীন এই পরিবেশে পড়াশোনা করতে কষ্ট হচ্ছে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রকৌশলীকে জানানো হলেও কার্যকর সমাধান হয়নি।”
একাধিক শিক্ষার্থী জানায়, স্কুলে বসে থাকলেই ধোঁয়া চোখে লাগে ও শ্বাস নিতে সমস্যা হয়। অভিভাবকরা এমন কাজকে ‘অমানবিক’ বলে অভিহিত করেছেন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য বলেন, শিক্ষার পরিবেশ নষ্ট করা গ্রহণযোগ্য নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী সাঈফুল আজম দাবি করেছেন, রাস্তার পাশে পর্যাপ্ত খোলা জায়গা না থাকায় সাময়িকভাবে এই স্থান ব্যবহার করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন, এক সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: