তিন দশক পূর্তি উদযাপন করল শাবি প্রেসক্লাব
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) প্রেসক্লাব’-এর পথচলার তিন দশক পূর্তি উপলক্ষে উৎসব ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রা শেষে গোলচত্বরে কেক কাটা ও বেলুন উড়িয়ে দিনটি উদযাপন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘ক্যাম্পাস সাংবাদিকতা, সহশিক্ষা কার্যক্রমের আবরণে ক্যাম্পাসের তৃতীয় চোখ’ শীর্ষক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেন প্রেসক্লাবের বর্তমান ও সাবেক সদস্যরা। এ সময় ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন ‘কথন’-এর বিশেষ সংস্করণ ‘অগ্রযাত্রা’র মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শাবি প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, শাবি প্রেসক্লাব শুরু থেকেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার ও অনিয়মের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনটির অনেক সাবেক সদস্য বর্তমানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত রয়েছেন।
শাবি প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী কমিটির সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজউদ্দিন, নর্থইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শাবিপ্রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিকেলে হ্যান্ডবল মাঠে সাবেক সদস্য ও তাদের পরিবারের অংশগ্রহণে খেলাধুলার আয়োজন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে বারবিকিউ পার্টি ও ৩০টি ফানুস উড়িয়ে তিন দশক পূর্তি উদযাপন করা হয়।
তিন দশকের এই পথচলায় শাবি প্রেসক্লাব ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে একটি দায়িত্বশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করেছে।
এ রহমান
মন্তব্য করুন: