রাতের আঁধারেও অভিযান: বড়লেখায় টিলা ও কৃষিজমির মাটি কাটায় জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় পাহাড়–টিলা ও কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। দিন-রাত নির্বিশেষে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে। তবু থামছে না পরিবেশবিধ্বংসী এই কর্মকাণ্ড।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে সদর ইউনিয়নের মাইজপাড়া এলাকায় কৃষিজমির মাটি কাটার খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি কাটার দায়ে মঈনুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে ৫ জানুয়ারি রাতে দক্ষিণভাগ এলাকায় কৃষিজমির মাটি কাটার দায়ে মিলন আহমদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে বাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাংগন গ্রামের খাদিমবাড়ী এলাকায় টিলা কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ৭ জানুয়ারি ধর্মদেহী এলাকায় কৃষিজমির মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। ৪ জানুয়ারি সন্ধ্যায় পৌরসভার পূর্ব-গ্রামতলা এলাকায় কৃষিজমির মাটি কাটার অপরাধে মো. স্বপন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সরেজমিনে দেখা গেছে, দাসেরবাজার, তালিমপুর, দক্ষিণ শাহবাজপুর, সুজানগর ও বর্নিসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ট্রাক, ট্রাক্টর ও ট্রলিতে পরিবহন করা হচ্ছে। এতে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ছে ধুলাবালির ভোগান্তি। অনেক যানবাহনেরই বৈধ কাগজপত্র নেই, চালকরাও অনেকে অদক্ষ।
ইউএনও গালিব চৌধুরী বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী কৃষিজমির মাটি কেটে অন্যত্র পরিবহন করা দণ্ডনীয় অপরাধ। অবৈধ মাটি কর্তন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। খবর পেলেই রাতেও অভিযান চালানো হচ্ছে।
ডি আর ডি
মন্তব্য করুন: