শ্রীমঙ্গলে ক্লিনিকের গাফিলতিতে গর্ভবতী নারীর মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বেসরকারি ক্লিনিকের গাফিলতিতে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
নিহত নারীর নাম মোছা. জেসমিন বেগম। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভূণবীর ইউনিয়নের আই গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেনের স্ত্রী। সোমবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে শ্রীমঙ্গলের নিউ লাইফ প্রাইভেট ক্লিনিকে এই ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের অভিযোগ, প্রসবজনিত জটিলতা নিয়ে জেসমিন বেগমকে ওই ক্লিনিকে ভর্তি করা হলেও সেখানে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। দায়িত্বে থাকা নার্সরা চিকিৎসককে ফোন করা হয়েছে এবং তিনি আসছেন—এমন আশ্বাস দিয়ে রোগীকে দীর্ঘ সময় অপেক্ষায় রাখেন। তবে দীর্ঘ সময় পার হলেও কোনো চিকিৎসক ক্লিনিকে আসেননি।
স্বজনদের দাবি, প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় এবং কর্তব্যরত নার্স ও কর্মচারীদের অবহেলার কারণে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। একপর্যায়ে চিকিৎসা ছাড়াই গর্ভবতী ওই নারীর মৃত্যু হয়।
এ বিষয়ে নিউ লাইফ প্রাইভেট ক্লিনিকের ম্যানেজার সজল বাবু মুঠোফোনে বলেন, রোগীর পেটে থাকা শিশুটি আগেই মারা গিয়েছিল। নরমাল ডেলিভারির প্রস্তুতি চলছিল। হঠাৎ ব্যথা বেড়ে গেলে সম্ভবত হৃদ্রোগে আক্রান্ত হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে।
নিহতের স্বামী মো. আনোয়ার হোসেনের বন্ধু উত্তম দেব বলেন, ক্লিনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে দায় স্বীকার করে ক্ষতিপূরণ ও উপযুক্ত বিচারের আশ্বাস দেওয়া হয়েছে। এ কারণে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মরদেহ দাফন করা হয়।
ঘটনাস্থলে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজিব উপস্থিত ছিলেন। তবে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতা কামাল হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, চলতি অর্থবছরেই নিউ লাইফ প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে একাধিকবার অনিয়ম ও সেবার অবহেলার অভিযোগ উঠেছে। এসব অভিযোগে ক্লিনিকটিকে জরিমানাও করা হয়েছে। এরপরও একই ধরনের গাফিলতি অব্যাহত থাকায় রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের দাবি, এ ঘটনায় ক্লিনিকটির কার্যক্রম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: