বড়লেখায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, প্রবাসী পরিবারের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি অভিবাসন ব্যবস্থাকে নিরাপদ, নিয়মিত ও মর্যাদাপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রবাসী কর্মীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তাঁদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করছে।
ইউএনও গালিব চৌধুরী আরও বলেন, বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং বৈধ পথে অভিবাসনের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি প্রবাসে কর্মরত শ্রমিকদের অধিকার ও কল্যাণ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ জোরদার করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: