শাবিপ্রবিতে ব্রয়লার মুরগির মাংস দিয়ে বিজয় ভোজ, শিক্ষার্থীদের বয়কট
Led Bottom Ad

নতুন করে আয়োজনের সিদ্ধান্ত

শাবিপ্রবিতে ব্রয়লার মুরগির মাংস দিয়ে বিজয় ভোজ, শিক্ষার্থীদের বয়কট

শাবিপ্রবি প্রতিনিধি

১৭/১২/২০২৫ ১১:৩০:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ভোজে (ফিস্ট) ব্রয়লার মুরগির মাংস পরিবেশন করায় তা বয়কট করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বয়কটের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় ভোজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল থেকেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপগুলোতে বিজয় ভোজ বয়কটের ডাক দেন শিক্ষার্থীরা। সন্ধ্যার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথমে শাহপরাণ হলের শিক্ষার্থীরা ভোজ বর্জনের ঘোষণা দিয়ে খাবার বহনকারী গাড়ি আটকে দেন। পরবর্তীতে একে একে অন্যান্য আবাসিক হলের শিক্ষার্থীরাও বয়কটে অংশ নেন।

ছেলে ও মেয়েদের আবাসিক হলগুলোর নোটিশ বোর্ডে ভোজ বয়কটের পোস্টার সাঁটানো হয়। এ সময় ছেলেদের আবাসিক হল এলাকায় শিক্ষার্থীরা ‘মুরগি না গরু, গরু গরু’ এবং ‘পোল্ট্রি না ছাগল, ছাগল ছাগল’—এ ধরনের স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ভোজের জন্য আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৩০ টাকা করে নেওয়া হয়েছে। প্রতি বছর উন্নতমানের খাবারের আশ্বাস দেওয়া হলেও এবছর খাবারের তালিকায় ব্রয়লার মুরগির মাংস ও ডিম রাখা হয়, যা বিজয় দিবসের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের বয়কটের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক হলগুলোতে পুনরায় বিজয় ভোজ আয়োজনের সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে বিজয় ২৪ হলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “শাকসু নির্বাচনের ব্যস্ততার কারণে আবাসিক হলগুলোর ভোজের বিষয়টি আমাদের দৃষ্টি এড়িয়ে গেছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে প্রভোস্টদের ডেকে আলোচনা করেছি—স্বল্প সময়ের মধ্যে কীভাবে ভোজ আয়োজন করা যায়।”

তিনি আরও বলেন, “বাবুর্চি না পাওয়া এবং কিছু কারিগরি সমস্যার কারণে এই জটিলতা তৈরি হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দিয়ে আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি।”

উপাচার্য জানান, শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে আগামীকাল অথবা পরশু নতুন করে প্রতিটি হলে আলাদাভাবে বিজয় ভোজ আয়োজন করা হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad