বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় ৯৭ জন প্রার্থী
শাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে শাকসু নির্বাচনের সরকারি ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে মোট ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৭ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৪ জন প্রার্থী রয়েছেন।
এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদ মিলিয়ে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংখ্যা হলো— ক্রীড়া সম্পাদক ২, সহ-ক্রীড়া সম্পাদক ৪, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক ২, সাংস্কৃতিক সম্পাদক ৩, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ২, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক ৩, সমাজসেবা সম্পাদক ৩, ছাত্রীবিষয়ক সম্পাদক ৪, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ৪, শিক্ষা–গবেষণা–ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক ৫, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ৫, আন্তর্জাতিক সম্পাদক ৪, পরিবহন সম্পাদক ৪, কাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক ৪, আইন ও মানবাধিকার সম্পাদক ৫ এবং সদস্যপদে ২৮ জন।
হল সংসদে তিনটি ছেলেদের হলে মোট ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাহপরান হলে ১৭ জন, বিজয়-২৪ হলে ১৮ জন এবং সৈয়দ মুজতবা আলী হলে ১৮ জন প্রার্থী রয়েছেন।
ছাত্রীদের তিনটি হলে মোট ৩১ জন প্রার্থী অংশ নিচ্ছেন। আয়েশা সিদ্দিকা হলে ১০ জন, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে ১১ জন এবং ফাতেমা-তুজ-জাহরা হলে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফাতেমা-তুজ-জাহরা হলে ক্রীড়া সম্পাদক পদে কোনো প্রার্থী নেই বলে জানা গেছে।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মাধ্যমে শাকসু ও হল সংসদ নির্বাচন আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন শিক্ষার্থীরা।
এ রহমান
মন্তব্য করুন: