শাকসু নির্বাচনকে কেন্দ্র করে ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’-এর আত্মপ্রকাশ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্য নিয়ে ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’ নামে নতুন একটি জোটের আত্মপ্রকাশ হয়েছে। জোটটির নেতৃত্বে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন। তিনি শাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটটি আত্মপ্রকাশ করে। এসময় জোটের আটজন সদস্য উপস্থিত ছিলেন। জোটের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও কয়েকজন সাবেক সমন্বয়ক যুক্ত রয়েছেন।
সংবাদ সম্মেলনে জোটের নেতা ফয়সাল হোসেন বলেন, “এটা কোনো একক প্যানেল নয়। বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীকে এক প্ল্যাটফর্মে এনে আমরা এই জোট গঠন করেছি, যাতে শাকসু নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য অনিয়ম মোকাবিলা করা যায় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।”
তিনি আরও বলেন, রাজনৈতিক সংগঠনের বাইরে বিশ্ববিদ্যালয়ে সামাজিক, স্বেচ্ছাসেবী এবং স্বতন্ত্র শিক্ষার্থীরাও আছেন, যারা শিক্ষার্থীদের অধিকারের পক্ষে সোচ্চার থাকেন। কিন্তু বিচ্ছিন্ন অবস্থানে থাকার কারণে তাদের কণ্ঠস্বর প্রশাসনের স্বৈরাচারী মনোভাবের সামনে দুর্বল হয়ে পড়ে।
স্বতন্ত্র ছাত্রীবিষয়ক সম্পাদক নুসরাত জাহান সুমাইয়া লিখিত বক্তব্যে বলেন, “জুলাই অভ্যুত্থানের আগে ছাত্ররাজনীতির অভিজ্ঞতা ছিল অত্যন্ত নেতিবাচক। হল দখল, মাদক সেবন, অনৈতিক কর্মকাণ্ড—এসবই ছিল ক্ষমতাসীন ছাত্রসংগঠনের দাপটের অংশ। অভ্যুত্থানের পর ব্যক্তি বদল হলেও প্রশাসনিক কাঠামোর তেমন পরিবর্তন হয়নি।”
তিনি আরও বলেন, “শাকসু নির্বাচন বাস্তবায়নে স্বতন্ত্র সাস্টিয়ান জোট শিক্ষার্থীদের সৌহার্দ্য বজায় রেখে কাজ করবে। আমরা একক প্যানেল নই, তাই সবাই নিজ নিজ সিদ্ধান্তে স্বাধীন। তবে শিক্ষার্থীদের যৌক্তিক ও সম্মিলিত দাবিতে আমরা একত্রে কাজ করব।”
শাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
এ রহমান
মন্তব্য করুন: