শ্রীমঙ্গলে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত
Led Bottom Ad

শ্রীমঙ্গলে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

০৭/১২/২০২৫ ২১:৩৭:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে প্রতি বছরের মতো এ বছরও পালিত হয়েছে গারো সম্প্রদায়ের ওয়ানগালা নবান্ন উৎসব। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে শ্রীচুক গারো নকমা এসোসিয়েশনের আয়োজনে এবং মণিপুরী ললিতকলা একাডেমির সহযোগিতায় শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে থক্কা অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়।

উৎসবে গারো সম্প্রদায়ের নারী-পুরুষ নেচে-গেয়ে অংশগ্রহণ করেন। নবান্ন বা ওয়ানগালা উৎসব গারোদের অন্যতম সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী উৎসব। সম্প্রদায়টির বিশ্বাস অনুযায়ী, ‘মিশি সালজং’ বা শস্যদেবতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে ফসল ভালো হয়। নতুন ফসল খাওয়ার অনুমতি ও ভবিষ্যতের মঙ্গল কামনা করেই এই উৎসব পালন করা হয়।

ওয়ানগালা শব্দের অর্থ– ‘ওয়ানা’ অর্থ দেবদেবীর দান এবং ‘গালা’ অর্থ উৎসর্গ। সাধারণত বর্ষার শেষে ও শীতের আগে, নতুন খাদ্যশস্য তোলার পর এই উৎসব আয়োজন করা হয়। নতুন প্রজন্মকে এ ঐতিহ্য জানানোর পাশাপাশি ভাষা ও সংস্কৃতি জাগ্রত রাখাই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।

উৎসবের দ্বিতীয় পর্বে ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক নৃত্য এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনের প্রধান পুরোহিত ফাদার ড. জেমস শ্যামল গমেজ, প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এবং উপস্থিত ছিলেন মনিপুরী ললিতকলা একাডেমির অতিরিক্ত পরিচালক প্রভাস চন্দ্র সূত্রধর।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গারো কিশোরীরা তাদের ঐতিহ্যবাহী গান ‘ওয়ানগালা ওয়ানগালা’ পরিবেশন করে নৃত্য করে। এছাড়া বিভিন্ন গারো লাইন থেকে আগত কিশোরীরাও একেরপর এক নৃত্য প্রদর্শন করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad