ছুটির দিনে বার্ষিক পরীক্ষা চলছে মাধ্যমিকে, রোববার থেকে প্রাথমিকে
দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেই অনুষ্ঠিত হয়েছে। একাডেমিক ক্ষতি কমাতে বিশেষ ব্যবস্থায় পরীক্ষার আয়োজন করে শিক্ষা কর্তৃপক্ষ।
শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন কেন্দ্রে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাবনা, সিলেটসহ কয়েকটি জেলায় শনিবার নেওয়া হবে স্থগিত হওয়া আরও একটি পরীক্ষা।
শিক্ষা কর্মকর্তারা জানান, চলমান সেশনজট দূর করতে এবং শিক্ষার্থীদের চাপ কমাতে ছুটির দিনেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রোববার থেকে নিয়মমাফিক সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) শুরু হবে।
আন্দোলনকারী শিক্ষক নেতা ও প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শাহীনুর আল আমিন বলেন, “প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে অধিকাংশ পরীক্ষা সম্পন্ন হয়েছে। কিছু স্থানে পরীক্ষা না হওয়ায় সেগুলো ছুটির দিনে নেওয়া হবে।”
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে প্রাথমিক স্তরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি সাময়িক স্থগিতের ঘোষণা দেয় শিক্ষক সংগঠনগুলো। রোববার থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে অভিভাবকরা অভিযোগ করেন, শিক্ষকদের আন্দোলনের কারণে পরীক্ষার্থীরা অযথা মানসিক চাপে পড়েছে এবং শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা গ্রহণযোগ্য নয়।
দেশজুড়ে ৬৫ হাজার ৫৬৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কোটির বেশি শিক্ষার্থী এবং পৌনে চার লাখ শিক্ষক কর্মরত আছেন।
এ রহমান
মন্তব্য করুন: