শাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।
নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ২৬টি এবং হল সংসদের জন্য ২০টি—মোট ৪৬টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।’ এর আগে গতকাল সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
চূড়ান্ত তালিকা অনুযায়ী শাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ৯ হাজার ১২৪। বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলের অধীনে অনাবাসিক শিক্ষার্থীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ছাত্রদের শাহপরান হলে ২ হাজার ২২০, বিজয়-২৪ হলে ২ হাজার ১৫৬ এবং সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ৪২২ জন ভোটার রয়েছেন। ছাত্রীদের আয়েশা সিদ্দীকা হলে ১ হাজার ৩৪৪, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১ হাজার ৩০৬ এবং ফাতিমা তুজ জাহরা হলে ভোটার সংখ্যা ৬৭৬।
নির্বাচন কমিশন সূত্র বলছে, কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। মনোনয়নপত্র জমার সময় জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থী আইডি ও ডোপ টেস্টের রশিদ যুক্ত করতে হবে।
আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে এবং ৪ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: