জামায়াতকে ভোট দিলে আমার মরদেহ পাবেন : ফজলুর রহমান
Led Bottom Ad

জামায়াতকে ভোট দিলে আমার মরদেহ পাবেন : ফজলুর রহমান

প্রথম ডেস্ক

২৯/১১/২০২৫ ০৭:৫০:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুর রহমান বলেছেন, আপনারা যদি মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতকে ভোট দেন, তাহলে আমার মৃতদেহই পাবেন। আমি চাইলে অনেক কিছু করতে পারি। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ‌্যায় ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারে বিএনপি ও এর অঙ্গসংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ফজলুর রহমান বলেন, কালকেও আমাকে প্রচণ্ড বকা দেওয়া হয়েছে। কী ধরনের বকা সেটা আপনারা বুঝতে পারবেন না—সহ্য করার মতো নয়। আমার অপরাধ কী? আমি তো জামায়াতে ইসলামী কিংবা মুক্তিযুদ্ধবিরোধীদের গালি দিইনি। তিনি অভিযোগ করে বলেন, তারা (জামায়াত) ৫ আগস্টের পর বলতে শুরু করল—৪৭ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, ২৪ সালে শেষ মুক্তিযুদ্ধ হয়েছে। একাত্তরে না কি শুধু ঝামেলা হয়েছিল, তা-ও না কি ভারত লাগিয়ে দিয়েছে।

একাত্তরে কোনো মুক্তিযুদ্ধই হয়নি! এই কথা শোনার পর তিনদিন অপেক্ষা করেছি। আমার নাম ফজলুর রহমান। চুপ করে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না।


এ বিএনপি প্রার্থী আরো বলেন, আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি—‘ফজা পাগলা’। যে হারামজাদারা আমাকে এই টাইটেল দিয়েছে, তারা হলো স্বাধীনতাবিরোধী জামায়াত। তাদেরকে যদি ভোট দেন, তাহলে আমার মৃতদেহ পাবেন।


তিনি বলেন, আমি সাধারণ মানুষের ছেলে। কিন্তু যারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে, আমি তাদেরই একজন। যখন দেখলাম কেউ কথা বলছে না, এমনকি আমার দলও চুপ, তখন জীবন-মৃত্যুর ঝুঁকি নিয়ে বাম হাতের আঙুল তুলে বলেছি—এই রাজাকারদের বাচ্চারা, আমি এখনো বেঁচে আছি।

মুক্তিযুদ্ধ ছিল, আছে, থাকবে। তোমরা যদি মুক্তিযুদ্ধকে শেষ করতে চাও, তাহলে তোমাদের সঙ্গে আরেকটা রাজনৈতিক যুদ্ধ হবে।


অ্যাড. ফজলুর রহমান বলেন, জামায়াতের প্রার্থী এ আসনের ১৩০টি কেন্দ্রের একটিতেও পাস করতে পারবে না। এমনকি নিজের কেন্দ্রেও নয়। যেহেতু তারা পাস করতে পারবে না- আমার মরারও প্রয়োজন হবে না। বাংলাদেশ নামটি যতদিন থাকবে, জামায়াত রাষ্ট্রক্ষমতায় যেতে পারবে না।


কর্মী সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রার্থীর সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুর প্রমুখ।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad