মাউশি সিলেটের কলেজ পরিদর্শক হলেন এমসি কলেজের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম
Led Bottom Ad

মাউশি সিলেটের কলেজ পরিদর্শক হলেন এমসি কলেজের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম

প্রথম ডেস্ক

২০/১১/২০২৫ ২০:৫৮:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড (মাউশি) সিলেটের কলেজ পরিদর্শক হিসেবে পদায়ন পেয়েছেন সিলেট এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম। বৃহস্পতিবার (২০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁর এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

দীর্ঘ ২০ বছর ধরে এমসি কলেজে শিক্ষকতা করছেন শেখ মো. নজরুল ইসলাম। তিনি শিক্ষার্থী থেকে শিক্ষক দুই পরিচয়েই এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

সুনামগঞ্জের দিরাই উপজেলার রায়বাঙালি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী শেখ মো. নজরুল ইসলাম প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত অধ্যয়ন করেছেন এমসি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ২০০৫ সালের ২ জুলাই ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে এমসি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। পরবর্তীতে ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি সহকারী অধ্যাপক এবং ২০২১ সালের ৩ জুলাই সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পান।

বাংলা বিভাগের পাশাপাশি তিনি দীর্ঘদিন আইসিটি বিভাগের মাস্টার ট্রেইনার হিসেবে পাঠদান করেছেন। কারিকুলাম, আইসিটি ও উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ তিনি দেশে-বিদেশে গ্রহণ করেছেন। ভারতের নয়াদিল্লিতে ‘ট্রেইন দ্য ট্রেইনার’ প্রোগ্রামে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির ওপর বিশেষ প্রশিক্ষণ নেন।

শেখ মো. নজরুল ইসলাম সৃজনশীল প্রশ্নপদ্ধতির মাস্টার ট্রেইনার হিসেবে সিলেট বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছেন। কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এবং সরকারের আইসিটি অ্যান্ড ই-গভার্ন্যান্স লার্নিং অ্যান্ড আর্নিং কার্যক্রমে প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও এমসি কলেজ রোভার স্কাউটের রোভার স্কাউট লিডার, বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা ও কলেজের বহুমুখী দায়িত্ব তিনি সফলভাবে পালন করে আসছেন।

শিক্ষার মানোন্নয়নে তিনি টিচার্স ট্রেনিং কলেজে বিএড ও শিক্ষক প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন।

নিয়োগ পেয়ে শেখ মো. নজরুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। দীর্ঘদিন ধরে পাঠদান ও শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করেছি। আমার উপর অর্পিত নতুন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবো। সকলের সহযোগিতা কামনা করছি।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad