শাপলা প্রতীক না দিয়ে উটপাখি-থালাবাটি দিচ্ছে ইসি: এনসিপির অভিযোগ
Led Bottom Ad

শাপলা প্রতীক না দিয়ে উটপাখি-থালাবাটি দিচ্ছে ইসি: এনসিপির অভিযোগ

প্রথম ডেস্ক

০১/১০/২০২৫ ১৯:৩৬:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনি বাধা না থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন (ইসি) তাদের হাস্যকর প্রতীক প্রস্তাব করছে। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইসি তাদের জন্য আলমিরা, উটপাখি, কাপ-পিরিচ ও থালাবাটির মতো প্রতীক রাখছে, যা প্রহসনমূলক ও অগ্রহণযোগ্য।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়েছি, এনসিপির শাপলা প্রতীক পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই। কিন্তু কমিশন ইচ্ছাকৃতভাবে আমাদের বঞ্চিত করছে। এটি এক ধরনের স্বেচ্ছাচারিতা ও বৈষম্য।”

তিনি আরও অভিযোগ করেন, অন্য রাজনৈতিক দলগুলোর প্রতীক জাতীয় প্রতীকের উপাদান থেকে দেওয়া হলেও শুধু এনসিপির ক্ষেত্রে হাস্যকর প্রতীক প্রস্তাব করা হচ্ছে। “প্রশ্ন হচ্ছে, আমরা প্রতীক না পেলে কী করব? জনগণকে সঙ্গে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক পথে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব।”

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ইসি নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ না করে একদলীয় অফিসে পরিণত হয়েছে। “গণ-অভ্যুত্থানের পর আমরা স্বাধীন নির্বাচন কমিশনের দাবি তুলেছিলাম। কিন্তু বর্তমান কমিশনের কার্যক্রম সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে।”

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, “জাতীয় লীগ নামে একটি অচেনা দল নিবন্ধন পেতে যাচ্ছে। অথচ এ পর্যন্ত আমরা তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দেখিনি। এতে আমাদের সন্দেহ আরও গভীর হয়েছে।”

তিনি আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া দলগুলোর নিবন্ধন বাতিলেরও দাবি জানান।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad