রত্না বাউরী/প্রসি-২৬
প্রকৃতিতে শীতের আমেজ শুরু হলেও হবিগঞ্জের নবীগঞ্জে কমছে না নিত্যপণ্যের চড়া দাম। বাজারে নতুন শীতকালীন সবজি উঠতে শুরু করলেও দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। ফলে চাল, ডাল, মাছ, মাংস ও সবজিসহ নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে চরম চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা।
বাজারে প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি ৭০ টাকা, শিম ৮০ থেকে ১০০ টাকা, মুলা ও বেগুন ৫০ থেকে ৬০ টাকা, গাজর ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া নতুন আলু ১০০ টাকা, পুরোনো আলু ৩০ টাকা, শালগম ৮০ টাকা, ব্রকলি ১০০ টাকা এবং প্রতি হালি লেবু ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। মুদিপণ্যের মধ্যে পেঁয়াজ ৫০ টাকা, দেশি রসুন ১২০ টাকা, বড় রসুন ১৯০ টাকা এবং আদা ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে গত এক সপ্তাহে কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়েছে চালের দাম।
আমিষের বাজারেও স্বস্তি ফেরেনি। রুই মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা, পাঙ্গাস ২৫০ টাকা এবং তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৭০ থেকে ৩৩০ টাকা কেজির পাশাপাশি গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১২০০ থেকে ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি হালি ব্রয়লার মুরগির লাল ডিম ৫৫ টাকা এবং হাঁসের ডিম ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শীতকালীন সবজির সরবরাহ এখনো পুরোপুরি পর্যাপ্ত নয়। ডিসেম্বরের দিকে সরবরাহ বাড়লে দাম কমতে পারে। তবে উৎপাদনস্থল থেকে খুচরা বাজার পর্যন্ত পৌঁছাতে বিভিন্ন হাতবদল, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফার কারণে পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এতে একদিকে কৃষকেরা যেমন ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে ভোক্তাদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।
নবীগঞ্জবাসীর প্রত্যাশা, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর নজরদারি চালাবে এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসবে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: