সিলেটে ১৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়িসহ ৪১ লাখ টাকার মালামাল জব্দ

সিলেটে ১৯ বিজিবির অভিযানে ভারতীয় শাড়িসহ ৪১ লাখ টাকার মালামাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৪/১১/২০২৬ ১৩:১০:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চশমা, চাদর, প্রসাধনী, পাতার বিড়ি, খাসিয়া পান ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।

বুধবার (৪ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৮৭ পিস শাড়ি, ৪২ পিস চাদর, ২ হাজার ২২০টি চশমা, ৫০০ পিস মেলব্রন ক্রিম এবং ৫ হাজার ৪০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৩৯ লাখ ৭১ হাজার টাকা।

এদিকে, ৪ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোভাছড়া ও গুয়াবাড়ী বিওপির পৃথক আভিযানিক টহলদল কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৫ বিড়া খাসিয়া পান ও দুটি গরু জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।

দুটি অভিযানে সর্বমোট ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাইফুল ইসলাম বাবু / রত্না বাউরি/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad