শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আগ্রহী করতে সিলেটে বই বিতরণ কর্মসূচি
শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ তৈরি ও জ্ঞানচর্চায় উৎসাহিত করতে সিলেটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শাহপরান ধনকান্দিতে অবস্থিত হাজী আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি এতে সহযোগিতা করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি মাওলানা মো. ছালিম আহমদ খান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবক আমিনুল ইসলাম।
সভাপতির বক্তব্যে মাওলানা মো. ছালিম আহমদ খান বলেন, বই মানুষের জ্ঞান ও চিন্তার জগতকে সমৃদ্ধ করে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে তারা জ্ঞানী, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা ও মানবিক বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান অতিথি আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া একটি মহৎ উদ্যোগ। পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন জ্ঞানমূলক বই পড়লে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বাড়বে। সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ ও সংগঠন শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবারক আলী, হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আহসানুল হক রাতুল, ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আয়োজক সংগঠনের স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। এ সময় মেধাবী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের জ্ঞানমূলক ও শিক্ষামূলক বই তুলে দেওয়া হয়।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: