দেশে ফের করোনার হানা: করণীয় নিয়ে সিলেটে সভা
দেশে আবারও করোনা সংক্রমণ দেখা দিয়েছে। ফলে জনমনে দেখা দিচ্ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন ও শনাক্ত হয়েছে ১৫ জনের। পার্শ্ববর্তী দেশ ভারতে ছড়িয়ে পড়েছে করোনার সংক্রমণ এতে আশংকার মুখে বাংলাদেশ । এই খবরে সিলেটের স্বাস্থ্য বিভাগও নড়েচড়ে বসেছে। এ নিয়ে করণীয় নির্ধারণে বুধবার (৪ জুন) জরুরি সভা করেছে সিলেট স্বাস্থ্য বিভাগ।
গত কয়েকদিন ধরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ৫ জুন থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার দীর্ঘ সরকারি ছুটি। এই অবস্থায় প্রাণঘাতি করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিয়ে বঞ্চিত হতে হবে এ অঞ্চলের মানুষদের । তা নিয়ে স্বাস্থ্য বিভাগ বলছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এতে সিলেট অঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যালোচনাসহ ঈদে স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন রাখতে দেশের হাসপাতাল ও ক্লিনিকসমূহকে স্বাস্থ্য অধিদপ্তর ১৭ দফা নির্দেশনা দিয়েছে বলে জানান তিনি।
ডা. মো. আনিসুর রহমান বলেন, সিলেটে এখন পর্যন্ত কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত না হলেও প্রবাসী অধ্যুষিত ওই অঞ্চলে করোনা সংক্রমণ ঠেকাতে আগাম প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই। তিনি আরো জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা প্রতিপালনে তারা ইতোমধ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন।
নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল ও ক্লিনিকসমূহ মনিটরিং করবেন। তিনি আরো জানান, করোনা পরিস্থিতি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সিলেট বিভাগের সর্ববৃহৎ প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানিয়েছেন, চিকিৎসা একটি জরুরি সেবা। এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। ওসমানী হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সেবা ২৪ ঘণ্টাই চালু থাকবে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: