পদত্যাগের আভাস রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের

জল্পনা জোরালো

পদত্যাগের আভাস রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের

ঢাকা অফিস

২৩/০৭/২০২৬ ১৬:৫৩:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন—এমন জল্পনা রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়েছে। সরকার ও ক্ষমতাসীন বিএনপির সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করে তিনি পদত্যাগ করতে পারেন। তবে এ বিষয়ে এখনো বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।


সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে।


এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, রাষ্ট্রপতির কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এবং তিনি শিগগিরই পদত্যাগ করতে পারেন। তবে এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।


রাষ্ট্রপতি পদে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সরকারের গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালনকারী কয়েকজন সচিবের নাম আলোচনায় রয়েছে বলে সূত্রগুলোর দাবি। এর আগে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নামও আলোচনায় এলেও তারা প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেছেন।


বিএনপির সংসদ সদস্য শাহাদাৎ হোসেন সেলিম বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে কোনো আলোচনা সম্পর্কে তিনি অবগত নন। একইভাবে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বেগম সেলিমা রহমানও এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।


অন্যদিকে, বঙ্গভবন-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, রাষ্ট্রপতি তার অধস্তন কর্মীদের শিগগির বঙ্গভবন ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রাম নেওয়ার পাশাপাশি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন বলেও ওই সূত্র জানিয়েছে। এ দাবিরও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad