বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ কেজি ১৬০ গ্রাম (২.১৬ কেজি) অবৈধ স্বর্ণ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শরীরের বিভিন্ন স্থানে ও কাপড়ের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে আনা এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে আটক হওয়া ওই যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে সকালে চট্টগ্রামে পৌঁছান শহীদুল আলম চৌধুরী। ব্যাগেজ নিয়ে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে দায়িত্বরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্যরা তাকে তল্লাশি করেন।
তল্লাশির একপর্যায়ে তার অন্তর্বাস ও কোমরের বেল্টের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ কেজি ১৬০ গ্রাম গলিত স্বর্ণ এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা। আটক যাত্রীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সজল আহমেদ
মন্তব্য করুন: