৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি
চলতি বছরের প্রথম ৬ মাসে ৩২০টি সড়ক দুর্ঘটনায় ৩৬০ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় অন্তত ১০৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন। জানুয়ারি থেকে জুন পর্যন্ত শুধুমাত্র গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ৫৭টি সড়ক দুর্ঘটনায় ৫৭ জন শিক্ষার্থী নিহত ও ২২ জন আহত হয়েছেন। ফেব্রুয়ারি মাসে ৩৯টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জন শিক্ষার্থী নিহত ও ১১ জন আহত হয়েছেন। মার্চ মাসে ৫৯টি সড়ক দুর্ঘটনায় ৬৭ জন শিক্ষার্থী নিহত ও ১ জন আহত হয়েছেন। এপ্রিল মাসে ৫১টি সড়ক দুর্ঘটনায় ৫৬ জন শিক্ষার্থী নিহত ও ২৫ জন আহত হয়েছেন। মে মাসে ৬১টি সড়ক দুর্ঘটনায় ৭৩ জন শিক্ষার্থী নিহত ও ২৩ জন আহত হয়েছেন। জুন মাসে ৫৩টি সড়ক দুর্ঘটনায় ৬০ জন শিক্ষার্থী নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
শনিবার মিরসরাই ট্র্যাজেডির ১৫ বছর পূর্তি উপলক্ষে এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, শিক্ষার্থীদের সচেতন করা গেলে নিরাপদ সড়ক বিনির্মাণের পাশাপাশি সুশৃঙ্খল জাতি গঠন সম্ভব।
তিনি আরও বলেন, মিরসরাই ট্র্যাজেডির পুনরাবৃত্তি রোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা তৈরির মতো গুরুত্বপূর্ণ সড়ক নিরাপত্তা বিষয়ে নিয়মিত কর্মসূচি না থাকায় প্রতিবছর সড়ক দুর্ঘটনায় অসংখ্য শিক্ষার্থীর প্রাণহানি ঘটছে, আহত হচ্ছে এবং অনেকে পঙ্গুত্ব বরণ করছে।
বিবৃতিতে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কয়েকটি স্কুলের শিক্ষার্থী বহনকারী একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিক্ষার্থীসহ ৪৫ জন নিহত হয়। দেশের ইতিহাসে এক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানির এমন ঘটনার পরেও সরকার শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতনতামূলক কোনো কর্মসূচি নেয়নি। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও সচেতনতা গড়ে ওঠেনি। এমন বাস্তবতায় প্রতিবছর সড়ক দুর্ঘটনায় অসংখ্য শিক্ষার্থীর প্রাণ ঝরছে।
আর আর
মন্তব্য করুন: