বিশ্বকাপ উন্মাদনা
'দ্য গ্রেটেস্ট শোঅন আর্থ' খ্যাত বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় ১১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে। ৪৮ টি দেশ খেলছে এবারের বিশ্বকাপে। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র এবারের বিশ্বকাপের আয়োজক। ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সিলেটের দক্ষিণ সুরমার কুচাই এলাকায় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কিশোর গুরুতর আহত হয়। তার নাম ইব্রাহিম আলী। ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এশিয়ার দেশ কাতারে বিগত বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর বসেছিল। মরুর বুকে সেটা প্রথম বিশ্বকাপ ছিল। ৩২ টি দেশ খেলার অংশ গ্রহণের সুযোগ পায়। গত ২০ নভেম্বর ২০২২ স্বাগতিক দেশ কাতার ও ইকুয়েডর এর উদ্বোধনী ম্যাচের মধ্যে খেলাটি শুরু হয়।১৮ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ রাত ন'টার ফাইনাল ম্যাচের মধ্যমে তখন কার বিশ্বকাপ ফুটবল খেলাটি শেষ হয়।
চার বছর পরপর বিশ্বকাপ ফুটবলের আসর বসে। গেল ২০১৪ ,২০১৮ ও ২০২২ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় যথাক্রমে জার্মানি,ফ্রান্স ও আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে কোনদলটি চ্যাম্পিয়ন হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে হিসেব-নিকাশ চলছে।
গ্যালারিগুলো দর্শক দ্বারা কানায় কানায় পূর্ণ। অনেকেই মুখমণ্ডলে রং তুলি দ্বারা প্রিয় দলের পতাকা এঁকে প্রদর্শন করছেন। কেউ কেউ বিভিন্ন প্রকার মুখোশ পরে গ্যালারিতে উল্লাস প্রকাশ করছেন। কোনো কোনো পুরুষ দর্শক উদোম গায়ে খেলার উত্তেজনাকর মুহূর্তে দাঁড়িয়ে খেলোয়াড়দের উৎসাহ যোগানোর চেষ্টা করছেন। কোনো কোনো যুবতী সংক্ষিপ্ত বস্ত্র পরে নেচে গেয়ে খেলা উপভোগ করছেন। খেলোয়াড়গণ স্ব স্ব ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের জন্য প্রতিপক্ষের সাথে মরিয়া হয়ে লড়ছেন। কেউ আঘাত প্রাপ্ত হচ্ছেন আবার কারো দেহ থেকে রক্ত ঝরছে। উদ্দেশ্য একটাই, বিজয় নিশ্চিত করতে হবে। দূরদর্শন যন্ত্রের মাধ্যমে দৃষ্ট খেলার মাঠ ও গ্যালারি সমূহের দৃশ্য এভাবেই চোখে পড়ে।
আমাদের দেশে অনেকেই গাড়ি, মোটরসাইকেল, এমনকি রিকশা-ভ্যানে প্রিয়দলের পতাকা বহন করেন। এমনও ভক্তের সন্ধান মিলে, প্রিয় দলের পতাকার বর্ণে নিজ বাসগৃহ রাঙ্গিয়েছেন। অনেকেই প্রিয়দলের ২০০ হাত এমনকি ২৫০ হাত পর্যন্ত দীর্ঘ পতাকা রাস্তার পার্শ্বে কিংবা কোনো দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ পতাকার মধ্যে নিজ নাম ও ছবি এঁকে প্রিয় দল সমর্থনের কথা ঘোষণা করেন। হাজার হাজার দর্শক রাত জেগে খেলা দেখেন। খেলা দেখে কেবল আনন্দ উপভোগ করা যায়। এরচেয়ে বেশি কিছু পাওয়া যায় না। এরচেয়ে বেশি কিছু করা ও সমীচীন নয়। গাড়িতে পতাকাবহন, লম্বাপতা কালাগানো, পতাকার রঙ্গে গৃহরাঙ্গানো ইত্যাদির সাথে খেলা দেখে উপভোগ করার কী সম্পর্ক থাকতে পারে?
যুক্তরাজ্যের ফুটবল দল বিশ্বকাপে খেলছে। বিলেত প্রবাসী আমার জনৈক বন্ধুর সাথে ফোনালাপ হলো। তার ভাষ্যমতে ব্রিটেনে বিশ্বকাপ উন্মাদনা বলতে কিছু নেই। বাসাবাড়ির ছাদে কিংবা গাড়িতে সাধারণ কেউ প্রিয় দলের পতাকা বহন করেনা। রাস্তার পাশে বা বৃক্ষ শাখে কেউ প্রিয় দলের পতাকা উড়ায়না। রং তুলি দিয়ে পিচঢালা রাস্তায় কেউ পতাকা আঁকেনা। সেখানকার ফুটবল প্রেমিরা টিভি পর্দায় খেলা দেখে। তাদের মধ্যে বাড়তি কোনো হৈ চৈ নেই। অথচ তাদের দেশ বিশ্বকাপ ফুটবল খেলছে। ফোনালাপের এক পর্যায়ে ঐ বন্ধুটি বলল, 'বিশ্বকাপ ফুটবল শুধু ব্রাজিল, আর্জেন্টিনা আর বাংলাদেশে চলছে! ব্রিটেনের অনেক দর্শক বিশ্বকাপ ফুটবলের রীতিমতো খবরই রাখেনা।
'দৈনিক পত্রিকায় প্রকাশ, গত ২৯ নভেম্বর ২০২২ইং তারিখ দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছের মাথায় ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে মিঠুশেখ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র বিদ্যুতায়িত হয়ে নিহত হয়। ২৮ নভেম্বর চাঁদপুরে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বাবিতণ্ডার জের হিসেবে ব্রাজিল সমর্থক মেহেদি হাসান (১৭) কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। আর্জেন্টিনা সমর্থক ঘাতক বরকত বেপারীকে (১৮) পুলিশ আটককরে। অনুসন্ধান করলে এ ধরনের আরো অনেক অনাকাঙ্খিত খবর পাওয়া যাবে। ঐ দু'টি তাজা প্রাণ অকালে ঝরে পড়ল। ঘটনাগুলো তাদের পরিবারের জন্য তথা গোটা সমাজের জন্য বেদনাদায়ক। ছেলেদ্বয়ের হরষে বিষাদে পরিণত হলো। মারামারি, খুনাখুনি, অশ্লীলতা ও পর্দাহীনতা দূর করা প্রয়োজন। খেলা দেখাকে কেন্দ্র করে কোনো প্রাণ ঝরে যাক তা 'ফিফা'র কাম্য নয়। দর্শকদের আনন্দ দেওয়াই তাদের মূল লক্ষ্য।
এ অনাবিল আনন্দকে নিজেরাই বিষাদে পরিণত করলে এর দায়ভার নেবে কে? '২০২৬ বিশ্বকাপ' ফুটবল দর্শকের জন্য আনন্দের বার্তা বয়ে আনুক। কারো জন্য বেদনার কারণ না হয়, সে প্রত্যাশা আমার। সে প্রত্যাশা সবার।
লেখকঃ কলামিস্ট ও বেঞ্চ সহকারী,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, সিলেট।
মোবাইলঃ ০১৭০৩-৮৪২৬৫৫
০৪/০৭/২০২৬খ্রিঃ
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: