কালেমা যুক্ত করে জাতীয় পতাকা বিক্রয়কালে ২ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় পতাকার সঙ্গে কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে তাঁদের আটক করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ।
আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নিয়ামক উল্লাহ (২৫) ও শেরপুর সদরের মো. সিদ্দিক (২৬)। শুক্রবার (৩ জুলাই) দুপুরে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অপারেশন) তারেক আল মেহদী এসব তথ্য জানিয়েছেন, তিনি জানান, সাদা-কালো কালেমার পতাকা নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে টানানো হয়েছে। এর মধ্যে কিছু রয়েছে লাল-সবুজ পতাকার সঙ্গে কালেমা যুক্ত করা, যা জাতীয় পতাকার বিকৃতি।
পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিতালি মার্কেট এলাকায় আরবি অক্ষরে কালেমা লেখা জাতীয় পতাকা তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করছে একটি চক্র। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় তাদের তৈরি এই ধরনের পতাকা উড়তে দেখা যাওয়ায় সন্দেহভাজন দুই তরুণকে আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, দুই যুবক জাতীয় পতাকার সঙ্গে কালেমা যুক্ত করে অনলাইন পেজে বিক্রি করে আসছিলেন। তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে, বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এই কার্যক্রমের পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: