লোডশেডিংয়ে ক্ষোভের মুখে পড়ছেন এমপিরা: সংসদে হানজালা

লোডশেডিংয়ে ক্ষোভের মুখে পড়ছেন এমপিরা: সংসদে হানজালা

প্রথম ডেস্ক

২৩/০৬/২০২৬ ১৪:২৯:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিজ নির্বাচনী এলাকায় তীব্র বিদ্যুৎ সংকট ও লোডশেডিং পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা। তিনি বলেন, বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের চরম ক্ষোভের মুখে পড়তে হচ্ছে জনপ্রতিনিধিদের, যা পরিস্থিতি সামাল দেওয়াকে দিন দিন কঠিন করে তুলছে।


সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।


হানজালা বলেন, এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে গভীর রাতেও সাধারণ মানুষ ফোন করে ক্ষোভ প্রকাশ করে। অনেক সময় তারা মনে করেন, এ সংকটের জন্য জনপ্রতিনিধিরাই দায়ী। কিন্তু বিদ্যুৎ পরিস্থিতির বাস্তবতা মাঠপর্যায়ে ব্যাখ্যা করা কঠিন হয়ে পড়ছে বলেও তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, সংসদে বিদ্যুৎমন্ত্রীর অনুপস্থিতির কারণে মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরা সম্ভব হয়নি। মন্ত্রী উপস্থিত থাকলে সংকটের গভীরতা সরাসরি জানানো যেত বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তিনি স্পিকারের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে, অন্যথায় জনগণের সঙ্গে সমন্বয় রাখা কঠিন হয়ে পড়বে।


বাজেট আলোচনায় বিদ্যুৎ সংকটের পাশাপাশি দেশের পাঠ্যপুস্তক নিয়েও সমালোচনা করেন এই সংসদ সদস্য। তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছরে পাঠ্যপুস্তক থেকে হাজি শরীয়তউল্লাহ, শাহজালাল, শাহ পরান ও তিতুমীরের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের গুরুত্বপূর্ণ ইতিহাস বাদ দেওয়া হয়েছে। এতে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


নিজ বংশের ঐতিহাসিক ব্যক্তিত্ব হাজি শরীয়তউল্লাহর ফরায়েজী আন্দোলন ও ব্রিটিশবিরোধী সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে তিনি এসব বীরদের ইতিহাস পাঠ্যপুস্তকে পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।


এছাড়া রেমিট্যান্স যোদ্ধাদের অবদান তুলে ধরে প্রবাসীদের নানা ভোগান্তির কথাও সংসদে উল্লেখ করেন হানজালা। তিনি বলেন, বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছেন, পাশাপাশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত জটিলতায় ভুগছেন তারা। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি তিনি আহ্বান জানান।


প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাজেটটি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তবে এর বাস্তবায়ন টেকসই ও দুর্নীতিমুক্ত রাখতে কঠোর নজরদারি প্রয়োজন।

সজল আহমেদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad