সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য থেকে মনোনীত ১৩ জন নারী সদস্যের মনোনয়নপত্র আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। মনোনয়নপত্র জমা শেষে এক প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, মনোনীত প্রার্থীরা সংসদে গিয়ে জাতির প্রত্যাশা পূরণ ও নারী সমাজের স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।
তিনি উল্লেখ করেন, এই সংসদ সদস্যরা বিরোধী দলের আসনে বসে জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবেন, তবে সরকার জনবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে তারা ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ জানাবেন। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দেওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মনোনয়ন জমার পর রোকেয়া বেগম বলেন, “শহীদ পরিবারের পক্ষ থেকে আমি সংসদে গিয়ে জুলাই গণহত্যার বিচার চাইব।” তিনি শহীদ ও আহতদের পরিবারের কাউকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ইঙ্গিত করে ক্ষোভ প্রকাশ করেন।
মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জামায়াতে ইসলামী তাদের ‘এক পরিবারে দুইজন সংসদ সদস্য নয়’ নীতি কঠোরভাবে অনুসরণ করেছে বলে জানান হামিদুর রহমান আযাদ। এ কারণেই দলের আমিরের স্ত্রীকে এবার মনোনয়ন দেওয়া হয়নি। জামায়াতের মনোনীত প্রার্থীরা হলেন—নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, অধ্যাপক মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, প্রকৌশলী মারদিয়া মমতাজ এবং শহীদ জননী রোকেয়া বেগম।
এছাড়া ঐক্যজোটের শরিক দলগুলোর মধ্য থেকে এনসিপির মনিরা শারমিন ও ডা. মাহমুদা আলম মিতু, জাগপা চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিশের ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল বুধবার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। ব্রিফিংকালে বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, জাগপার রাশেদ প্রধানসহ জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। মনোনীত প্রার্থীরা সংসদে ও রাজপথে সমানভাবে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: